দৌলতপুরে বিএনপি নেতা খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতা বাবুল আক্তার (৫৯) খুনের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার রিফাইতপুর বাজারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় অভিযুক্তদের ফাসির দাবিতে স্লোগান দিতে থাকেন নেতা কর্মীরা।
উল্লেখ্য, গেল ২৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া বাজার এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বাবুল আক্তার ও সোহাগ হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়।
এরপর চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বাবুল আক্তার মারা যান। নিহত বাবুল আক্তার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া গ্রামের মৃত হারেজ উদ্দিনের ছেলে ও ঢাকা বাড্ডা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। হামলার ঘটনায় অভিযুক্ত আলম হোসেন পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
এদিকে ঘটনার দিন রাতেই আহত বাবুল আক্তার হাসপাতাল থেকে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় মাদিয়া এলাকার বিএনপি নেতা আলম ও নবীর নামসহ আরও ৯ জনকে আসামি করা হয়। পরবর্তীতে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পান।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, “বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় আজ সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল হয়েছে। এর আগে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছিল। আসামিরা আদালত থেকে জামিন নিয়েছেন। তাদের জামিন বাতিলের জন্য আবেদন করা হয়েছে। আবেদন মঞ্জুর হলে আসামিদের আটক করতে পুলিশ কাজ করবে।”




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































